উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য চুরি

বিপাকে পড়ল জনপ্রিয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটির আওতায় থাকা দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। এতে রয়েছে তাদের ড্রাইভিং লাইসেন্সের নম্বরও। মূলত সাইবার হামলার মাধ্যমে উবারের এসব তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা।

টেকভিত্তিক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরে উবারের তৃতীয় পক্ষের এক প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলা হয়। এর মাধ্যমে উবারের তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত চালকদের বিষয়টি জানাতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও আইওয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তরে চলতি সপ্তাহে জমা দেওয়া নোটিশে উবার জানায়, গত ৯ অক্টোবর তাদের ওই প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানটি সাইবার হামলার বিষয়ে অবহিত করে। হ্যাকাররা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লগইন তথ্য চুরি করে সেগুলো ব্যবহার করে উবারের তথ্যভান্ডারে প্রবেশ করে।

চুরি হওয়া তথ্যের মধ্যে চালকদের নাম, ঠিকানা, জন্মতারিখ ও ড্রাইভিং লাইসেন্স নম্বর রয়েছে; উবারের ওই প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানটির নাম ফায়ারওয়ার্কস এআই। এটি এমন একটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে ডেভেলপাররা বিভিন্ন ওপেন-ওয়েট এআই মডেল ব্যবহার করতে পারেন। গত মাসে ফায়ারওয়ার্কস জানিয়েছিল, তাদের ওপর সাইবার হামলা হয়েছে।

এ বিষয়ে টেকক্রাঞ্চকে উবারের এক মুখপাত্র বলেন, তাদের তৃতীয় পক্ষের সেবাদাতা প্রতিষ্ঠান ফায়ারওয়ার্কসের নিরাপত্তা-সংক্রান্ত ঘটনায় চালকদের নোটিশ দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির কাছে উবারের কিছু তথ্য সংরক্ষিত ছিল। এ বিষয়ে আরও প্রশ্নের জন্য ফায়ারওয়ার্কসের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।

এদিকে ফায়ারওয়ার্কসের দাবি, আর্থিক লাভের উদ্দেশ্যে পরিচালিত একটি সাইবার অপরাধী গোষ্ঠী এই হামলার পেছনে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পরিচিত সাইবার অপরাধী গোষ্ঠী এই তথ্য চুরির দায় স্বীকার করেনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সাইবার নিরাপত্তায় প্রতিক্রিয়া নয়, প্রতিরোধে জোর দিতে হবে: আইসিটি মন্ত্রী
  • ডেটা সেন্টার নির্মাণে বাড়ছে বাধা, চাপে ইলন মাস্কের পরিকল্পনা
  • অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ডিজিটাল অবকাঠামোর গুরুত্ব তুলে ধরল অ্যামচেম
  • সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা
  • ফ্রিজ চললেই কটকট শব্দ হয়? দুর্ঘটনার আগেই জেনে নিন আসল কারণ
  • শীতে এসি বন্ধ করে কভার পরিয়ে রাখেন? জানুন সঠিক নিয়ম
  • ইন্ডাকশন ওভেন কেনার ভাবছেন? কেনার আগে এই বিষয়গুলো মাথায় রাখুন
  • Copy link
    URL has been copied successfully!