যে খাবারগুলো খেলে প্রস্রাব ঘোলাটে হতে পারে
প্রস্রাব ঘোলাটে হওয়াটা মাঝে মাঝে অদ্ভুত বা উদ্বেগজনক মনে হতে পারে। তবে এটি সবসময় কোনো স্বাস্থ্য সমস্যার লক্ষণ নয়। প্রতিদিন আপনি কতটা পানি পান করছেন, কী ধরনের খাবার খাচ্ছেন, কী ওষুধ সেবন করছেন কিংবা আপনার কোনো শারীরিক অবস্থা রয়েছে কি না- এসবের ওপর ভিত্তি করে প্রস্রাবের রঙ পরিবর্তিত হতে পারে। কখনো কখনো আপনার গ্রহণ করা খাবার বা পানীয়ের কারণে সাময়িকভাবে প্রস্রাব ঘোলাটে দেখাতে পারে। তবে প্রস্রাব ঘোলাটে হওয়ার জন্য সবসময় খাবারকে দায়ী করা যায় না।
যদি বারবার প্রস্রাব ঘোলাটে হতে থাকে, বিশেষ করে প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোড়া হওয়া, জ্বর আসা, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, প্রস্রাবে তীব্র গন্ধ থাকা অথবা ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়ার মতো লক্ষণ দেখা দেয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এমন সাতটি খাবার ও পানীয়ের তালিকা দেওয়া হলো, যার কারণে কখনো কখনো প্রস্রাব ঘোলাটে দেখাতে পারে-
দুগ্ধজাত পণ্য
দুধ, পনির, দই এবং অন্যান্য দুগ্ধজাত খাবার আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের অংশ। এগুলো অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে প্রস্রাবের চেহারায় পরিবর্তন আসতে পারে। দুগ্ধজাত পণ্যে ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান থাকে। প্রস্রাবে এসব খনিজ উপাদানের মাত্রা পরিবর্তিত হলে তা স্বাভাবিকের চেয়ে বেশি ঘোলাটে দেখাতে পারে। এটি সাধারণত সাময়িক এবং কোনো অসুস্থতার লক্ষণ নয়। খাদ্যাভ্যাস পরিবর্তনের পরেও যদি প্রস্রাব ঘোলাটে হতে থাকে, তবে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।
উচ্চ প্রোটিনযুক্ত খাবার
মাংস, ডিম, মাছ এবং অন্যান্য প্রোটিনসমৃদ্ধ খাবার প্রস্রাবের উপাদানের ওপর প্রভাব ফেলতে পারে। উচ্চ প্রোটিনযুক্ত খাবার খেলে কিডনিকে অনেক বেশি বর্জ্য পদার্থ ফিল্টার বা ছেঁকে বের করতে হয়। কারো কারো ক্ষেত্রে এর ফলে প্রস্রাব অনেক বেশি ঘন বা ঘোলাটে হয়ে যেতে পারে। তাই প্রচুর পরিমাণে প্রোটিন গ্রহণ করার সময় পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি।
অক্সালেটসমৃদ্ধ খাবার
পালং শাক, বিট এবং বিভিন্ন ধরনের বাদামের মতো কিছু খাবারে অক্সালেট থাকে। এটি এমন এক ধরনের উপাদান যা অনেক খাবারেই পাওয়া যায় এবং সাধারণত প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা রয়েছে, তাদের প্রস্রাবে অক্সালেটের মাত্রা বেশি থাকতে পারে। এই অক্সালেট ক্যালসিয়ামের সঙ্গে মিলে স্ফটিক বা ক্রিস্টাল তৈরি করতে পারে, যার ফলে প্রস্রাব ঘোলাটে দেখাতে পারে। যদি অতীতে আপনার কিডনিতে পাথর হয়ে থাকে অথবা প্রায়ই প্রস্রাব ঘোলাটে হতে দেখেন, তবে চিকিৎসক আপনাকে খাদ্যাভ্যাস ও কিডনির কার্যকারিতা পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন।
লবণাক্ত ও প্রক্রিয়াজাত খাবার
প্রক্রিয়াজাত স্ন্যাকস, ইনস্ট্যান্ট খাবার, প্যাকেটজাত খাবার এবং অন্যান্য লবণাক্ত খাবার শরীরে পানি ধরে রাখার প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে। লবণের গ্রহণ বেশি হলে শরীর তরল ধরে রাখতে শুরু করে, যার ফলে প্রস্রাব আরও ঘন হয়ে যায়। এর ফলে প্রস্রাবের রঙ স্বাভাবিকের চেয়ে গাঢ় বা ঘোলাটে দেখাতে পারে। অতিরিক্ত লবণযুক্ত খাদ্যাভ্যাস ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে কিডনি সমস্যার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। লবণ গ্রহণ কমিয়ে পর্যাপ্ত পানি পান করলে মূত্রনালীর স্বাস্থ্য ভালো থাকে।
ফসফরাসসমৃদ্ধ খাবার
কিছু মাংস, দুগ্ধজাত পণ্য, বাদাম এবং প্রক্রিয়াজাত খাবারে ফসফরাস থাকে। এটি প্রস্রাবে খনিজ উপাদানের ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। অনেক সময় ফসফেট ক্রিস্টাল বা স্ফটিকের উপস্থিতির কারণে প্রস্রাব ঘোলাটে দেখাতে পারে। যাদের কিডনির কার্যকারিতা বা শরীরে খনিজ উপাদানের ভারসাম্য বজায় রাখার প্রক্রিয়ায় সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এমনটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি বারবার প্রস্রাব ঘোলাটে হতে থাকে, তবে কেবল একটি নির্দিষ্ট খাবারকে দায়ী না করে এর প্রকৃত কারণ খুঁজে বের করা ভালো।
অ্যালকোহল
অ্যালকোহল সরাসরি প্রস্রাবকে ঘোলাটে করে না, তবে এটি শরীরে পানিশূন্যতা (ডিহাইড্রেশন) সৃষ্টি করতে পারে। অ্যালকোহল প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়; ফলে পর্যাপ্ত পানি পান না করলে শরীর থেকে তরল বেরিয়ে যায়। পানিশূন্যতার কারণে প্রস্রাব ঘন হয়ে যায়, যার ফলে এর রঙ গাঢ় হতে পারে, তীব্র গন্ধ তৈরি হতে পারে অথবা প্রস্রাব ঘোলাটে দেখাতে পারে। অ্যালকোহল পান করলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত। তবে বারবার প্রস্রাব ঘোলাটে হওয়ার কারণ সাধারণত অ্যালকোহল নয়।
কফি এবং ক্যাফেইনযুক্ত পানীয়
কফি, এনার্জি ড্রিংক এবং ক্যাফেইনযুক্ত অন্যান্য পানীয় প্রস্রাবের রঙ পরিবর্তন করতে পারে। ক্যাফেইন মূত্রবর্ধক (diuretic) হিসেবে কাজ করে, বিশেষ করে যখন তা বেশি পরিমাণে গ্রহণ করা হয়। এসব পানীয় পানের পর অনেকেরই বারবার প্রস্রাবের বেগ হতে পারে। এ সময় পর্যাপ্ত পানি পান না করলে প্রস্রাব ঘন হয়ে যায় এবং ঘোলাটে দেখাতে পারে। সারাদিন নিয়মিত পানি পান করলে শরীরে পানির ভারসাম্য বজায় থাকে।
সম্পর্কিত সংবাদ
ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ কী, সতর্ক করলেন চিকিৎসকরা
ফুসফুসের ক্যান্সার বিশ্বজুড়েই উদ্বেগজনক একটি রোগ। তবে প্রাথমিক পর্যায়ে এ রোগের লক্ষণ অনেক সময় স্পষ্টভাবেবিস্তারিত…
তারের মাজুনির ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি: বিকল্প পদ্ধতিগুলো জানেন তো?
তেলচিটে বা পোড়া হাঁড়িপাতিল পরিষ্কার করতে স্টিলের তারের মাজুনি ব্যবহার করেন অনেকে। তবে সম্প্রতিক বিভিন্নবিস্তারিত…
