ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ কী, সতর্ক করলেন চিকিৎসকরা

ফুসফুসের ক্যান্সার বিশ্বজুড়েই উদ্বেগজনক একটি রোগ। তবে প্রাথমিক পর্যায়ে এ রোগের লক্ষণ অনেক সময় স্পষ্টভাবে বোঝা যায় না। সাধারণ শ্বাসতন্ত্রের সমস্যা বা সংক্রমণের সঙ্গে এসব লক্ষণের মিল থাকায় অনেকেই বিষয়টি গুরুত্ব দেন না। চিকিৎসকরা বলছেন, দীর্ঘদিনের কাশি কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ অবহেলা করা উচিত নয়। সময়মতো রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার ফলাফলও ভালো হওয়ার সুযোগ থাকে।

ভারতের নারায়ণা হাসপাতাল, হাওড়ার ইন্টারভেনশনাল পালমোনোলজি বিভাগের পরামর্শক চিকিৎসক সন্দীপ জৈন হিন্দুস্তান টাইমসকে বলেন, দীর্ঘস্থায়ী কাশিকে অনেক সময় সংক্রমণ, অ্যালার্জি কিংবা শ্বাসনালির সামান্য সমস্যার কারণে হচ্ছে বলে মনে করা হয়।

কিন্তু কয়েক সপ্তাহ ধরে কাশি চলতে থাকলে, প্রচলিত চিকিৎসায় না কমলে কিংবা ধীরে ধীরে বাড়তে থাকলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। এটি ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক সতর্কসংকেত হতে পারে।

ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ
চিকিৎসক সন্দীপ জৈনের মতে, দীর্ঘদিনের কাশি মানেই ফুসফুসের ক্যান্সার নয়। তবে কাশির ধরন, ঘনত্ব ও তীব্রতায় পরিবর্তন এলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এ ছাড়া যেসব লক্ষণ দেখা দিতে পারে—

কাশির সঙ্গে রক্ত বের হওয়া।

দীর্ঘদিন ধরে কফ তৈরি হওয়া।

কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া।

ক্ষুধামন্দা।

শ্বাস নিতে কষ্ট হওয়া।

বুকে ব্যথা।

অস্বাভাবিক ক্লান্তি বা দুর্বলতা।

যাঁদের ঝুঁকি বেশি
ধূমপানের অভ্যাস রয়েছে এমন ব্যক্তিদের ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বেশি। তবে শুধু ধূমপায়ীরাই এ রোগে আক্রান্ত হন না। চিকিৎসকদের মতে, পরোক্ষ ধূমপানের সংস্পর্শে থাকা, আগে ক্যান্সারে আক্রান্ত হওয়া কিংবা পরিবারে ফুসফুসের ক্যান্সারের ইতিহাস থাকলেও সতর্ক থাকা প্রয়োজন।

বিশেষ করে দীর্ঘদিনের কাশি যদি সময়ের সঙ্গে বাড়তে থাকে অথবা এর সঙ্গে শ্বাসতন্ত্রের অন্য সমস্যা দেখা দেয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ধূমপান করেন না, এমন ব্যক্তিরও ফুসফুসের ক্যান্সার হতে পারে।

প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা কেন জরুরি?
ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হাঁপানি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), যক্ষ্মা কিংবা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের মতো অন্যান্য ফুসফুসের রোগের সঙ্গে মিলে যেতে পারে। তাই শুধু উপসর্গ দেখে রোগ নির্ণয় করা সম্ভব নয়। সঠিক কারণ জানতে চিকিৎসকের মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা ও মূল্যায়ন জরুরি।

ভারতের নারায়ণা আরএন টেগোর হাসপাতালের থোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারির জ্যেষ্ঠ পরামর্শক অধ্যাপক অমিতাভ চক্রবর্তী হিন্দুস্তান টাইমসকে বলেন, প্রাথমিক পর্যায়ে ফুসফুসের ক্যান্সার শনাক্ত হলে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসার সুযোগ থাকতে পারে।

এ ক্ষেত্রে টিউমার অপসারণের পাশাপাশি ফুসফুসের কার্যক্ষমতা যতটা সম্ভব অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা হয়। টিউমারের আকার, অবস্থান ও রোগ কতটা ছড়িয়েছে, তার ওপর নির্ভর করে অস্ত্রোপচারের ধরন। কোনো ক্ষেত্রে ফুসফুসের একটি অংশ, আবার কোনো ক্ষেত্রে সম্পূর্ণ একটি লোব অপসারণ করতে হতে পারে।

তাই দীর্ঘদিনের কাশি, শ্বাসকষ্ট কিংবা বুকে ব্যথার মতো উপসর্গ দেখা দিলে নিজে নিজে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • অতিরিক্ত চিনি কি শরীরে দীর্ঘস্থায়ী ক্ষতি বাড়ায়?
  • টানা তিন মাস কালো তিল খেলে কী ঘটে শরীরে
  • সাদা না ব্রাউন, পাউরুটি বাছাইয়ে কোনটি ভালো
  • পাতলা চুল ঘন ও টাক মাথায় চুল গজাতে হলুদ ব্যবহারে ৫ পদ্ধতি
  • যেভাবে কয়েক মিনিটেই তৈরি করা যায় মজাদার রায়তা
  • হার্ট অ্যাটাক হলে প্রথম ৫ মিনিটে যা করবেন
  • চুলের যত্নে তেল খাবেন না মাথায় দেবেন?
  • Copy link
    URL has been copied successfully!