সাইবার নিরাপত্তায় প্রতিক্রিয়া নয়, প্রতিরোধে জোর দিতে হবে: আইসিটি মন্ত্রী

সাইবার হামলার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই ঝুঁকি চিহ্নিত করে তা প্রতিরোধের ওপর জোর দেওয়ার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, সরকারি তথ্য-উপাত্ত, গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো ও নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় প্রতিরোধমূলক সাইবার নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও কার্যকর নীতিমালা নিশ্চিত করা জরুরি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা থেকে শুরু করে ‘এক নাগরিক, এক পরিচয়, এক ওয়ালেট’ সবকিছুই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। এই অগ্রগতি মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করলেও একই সঙ্গে সাইবার হামলা ও নিরাপত্তাঝুঁকি বাড়াচ্ছে।

সাইবার নিরাপত্তা জোরদারে তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরে ফকির মাহবুব আনাম বলেন, গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামো ও প্রযুক্তি ব্যবস্থার নকশা তৈরির শুরু থেকেই সাইবার নিরাপত্তাকে গুরুত্ব দিতে হবে। এটিকে পরবর্তী সময়ে যুক্ত করার বিষয় হিসেবে না দেখে অবকাঠামো উন্নয়নের মৌলিক অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

নাগরিকের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ডিজিটাল রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান শর্ত হলো নাগরিকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা। এ জন্য কার্যকর তথ্য সুরক্ষা কাঠামো তৈরি ও বাস্তবায়নের পাশাপাশি ডিজিটাল সেবার প্রতি মানুষের আস্থা প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তাকে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা, নীতিনির্ধারণ ও বাজেটের অবিচ্ছেদ্য অংশ করতে হবে। এ জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং কার্যকর নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে প্রতিক্রিয়াভিত্তিক ব্যবস্থার পরিবর্তে প্রতিরোধমূলক সংস্কৃতি গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সহযোগিতা কাজে লাগানোর কথা জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভৌগোলিক সীমানার মতো ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষাও এখন অপরিহার্য। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামোগত প্রস্তুতি, নাগরিকের তথ্যের পূর্ণাঙ্গ সুরক্ষা এবং তরুণ প্রজন্মের মেধার যথাযথ বিকাশ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তারের সঙ্গে সাইবার ঝুঁকিও বাড়ছে। সাইবার অপরাধীদের মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও সমান গতিতে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনীয় প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের মেধা কাজে লাগানোর পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিক। এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স অ্যাকাডেমির প্রতিনিধি ইনগ্রিড টুনিকুর্গ সূচনা বক্তব্য দেন। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের একজন প্রতিনিধি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ সেমিনারে জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল, বাংলাদেশের সাইবার ঝুঁকির চিত্র, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ও কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের কার্যক্রম, সরকারি নেটওয়ার্কের সুরক্ষা, সাইবার হামলা মোকাবিলা, দুর্যোগের পর তথ্য ও সেবা পুনরুদ্ধার এবং গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোর নিরাপত্তা নিয়ে আলোচনা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা
  • ফ্রিজ চললেই কটকট শব্দ হয়? দুর্ঘটনার আগেই জেনে নিন আসল কারণ
  • শীতে এসি বন্ধ করে কভার পরিয়ে রাখেন? জানুন সঠিক নিয়ম
  • ইন্ডাকশন ওভেন কেনার ভাবছেন? কেনার আগে এই বিষয়গুলো মাথায় রাখুন
  • শীতকালে পানি গরম করার ইমারশন রডের বিদ্যুৎ খরচ কেমন?
  • ২ জনের সংসারের জন্য কোন গিজার সবচেয়ে ভালো?
  • ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদায় জলবায়ু সংকটের শঙ্কা
  • Copy link
    URL has been copied successfully!