সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা
বিক্রি প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে টেসলা। আগামী ২০২৭ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের টেক্সাসের কারখানায় গাড়িটির উৎপাদন বন্ধ করা হবে। এর পরিবর্তে চালকবিহীন ট্যাক্সি সাইবার ক্যাবের উৎপাদন বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তার ভাষ্য, সাইবার ট্রাকের উৎপাদন কমিয়ে দিলে কারখানায় সাইবার ক্যাব তৈরির সক্ষমতা বাড়ানো সম্ভব হবে। তবে সাইবার ট্রাকের উৎপাদন অন্য কোনো কারখানায় সরানো হবে নাকি পুরোপুরি বন্ধ করা হবে তা এখনো স্পষ্ট নয়।
২০১৯ সালে প্রথমবার সাইবার ট্রাকের নকশা প্রকাশ করে টেসলা। গাড়িটির অস্বাভাবিক কৌণিক নকশা এবং স্টেইনলেস স্টিলের বহিরাবরণ তখন থেকেই আলোচনার জন্ম দেয়। ২০২৩ সালের শেষ দিকে গ্রাহকদের কাছে গাড়িটি সরবরাহ শুরু হয়। সে সময় মাস্ক বছরে আড়াই লাখ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রার কথা জানিয়েছিলেন।
তবে বাস্তবে বিক্রি হয়েছে অনেক কম। গাড়িবিষয়ক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেলি ব্লু বুকের হিসাবে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ২০ হাজার ২৩৭টি সাইবারট্রাক বিক্রি করেছে টেসলা। ২০২৪ সালে বিক্রি হয়েছিল ৩৮ হাজার ৯৬৫টি। অর্থাৎ এক বছরে বিক্রি কমেছে ৪৮ শতাংশ।
বিক্রি কমার পাশাপাশি গাড়িটির মান ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বাজারে আসার পর থেকে সাইবার ট্রাক ১১ বার প্রত্যাহার বা রিকলের মুখে পড়েছে। এসব ঘটনায় কিছু গাড়ি মেরামত করতে হয়েছে। কয়েকটির সমস্যা সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে সমাধান করা হয়েছে।
ইউরোপের বাজারেও গাড়িটির সম্ভাবনা সীমিত ছিল। এর ধারালো স্টেইনলেস স্টিলের নকশা পথচারীদের নিরাপত্তাসংক্রান্ত ইউরোপীয় বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে সেখানে গাড়িটির অনুমোদন পাওয়া কঠিন হয়ে পড়ে।
এদিকে টেসলার ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে সাইবার ক্যাব। গাড়িটিতে স্টিয়ারিং হুইল, প্যাডেল ও প্রচলিত আয়না নেই। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলার উপযোগী করে এটি তৈরি করা হচ্ছে। গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের অস্টিনে সীমিত পরিসরে অর্থের বিনিময়ে সাইবারক্যাবে যাত্রী পরিবহন শুরু হয়েছে। তবে গাড়িটির নিরাপত্তা মান ও অনুমোদন নিয়ে এখনো নিয়ন্ত্রক সংস্থার পর্যালোচনা চলছে।
বিশ্লেষকদের মতে, সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত টেসলার ব্যবসায়িক অগ্রাধিকারে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রতিষ্ঠানটি এখন বৈদ্যুতিক গাড়ি তৈরির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট ও চালকবিহীন পরিবহন প্রযুক্তিতে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে সাইবার ক্যাবের উৎপাদন এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় সাইবারট্রাকের বিক্রির ঘাটতি দ্রুত পূরণ করা সম্ভব হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সম্পর্কিত সংবাদ
ফ্রিজ চললেই কটকট শব্দ হয়? দুর্ঘটনার আগেই জেনে নিন আসল কারণ
চলতে চলতে হঠাৎ করেই ফ্রিজ থেকে বিকট বা কটকট শব্দ হওয়া খুবই সাধারণ একটি বিষয়,বিস্তারিত…
শীতে এসি বন্ধ করে কভার পরিয়ে রাখেন? জানুন সঠিক নিয়ম
শীত আসছে। আর এই সময় অধিকাংশ বাড়িতেই এসি-র ব্যবহার প্রায় বন্ধ হয়ে যায়। ঠান্ডার মৌসুমেবিস্তারিত…
