হেলমেট পরে এসে কিশোর ফুটবলারকে গুলি করে হত্যা
লাতিন আমেরিকার ফুটবল-উন্মাদ জাতি ব্রাজিল। যে দেশের রাস্তায় শিশুরা ফুটবল নিয়েই হাঁটে, সেই দেশের ফুটবলপ্রেমে এবার নেমে এলো এক বেদনার অন্ধকার। রিভার আতলেতিকো ক্লাবে দে পিয়াউইয়ের প্রতিশ্রুতিশীল কিশোর ফুটবলার আলেক্স মারিয়ানো নাসিমেন্তো মউরা, মাত্র ১৬ বছর বয়সেই জীবনের মাঠ ছেড়ে চিরতরে বিদায় নিলেন এক নির্মম সহিংসতায়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে, ব্রাজিলের পিয়াউই রাজ্যের রাজধানী তেরেসিনার এসপ্লানাদা রেসিডেনসিয়াল প্রফেশনাল এডুকেশন সেন্টারে। সেদিন আর পাঁচটা দিনের মতোই শুরু হয়েছিল। কিন্তু ক্লাসরুমের দরজা পেরিয়ে আসা এক হেলমেট পরা বন্দুকধারীর আগমনে থমকে যায় সময়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, অস্ত্রধারী স্কুলের দেয়াল টপকে ঢুকে পড়ে, আলেক্সকে টেনে বের করে এনে কাছের করিডোরে নিয়ে গিয়ে একের পর এক গুলি চালায়, কমপক্ষে চারবার। ঘটনাস্থলেই নিথর হয়ে পড়ে ভবিষ্যতের স্বপ্ন দেখা এক তরুণ প্রাণ।
এই নির্মমতা স্তব্ধ করে দিয়েছে তেরেসিনার ক্রীড়া ও শিক্ষা মহলকে। এসপ্লানাদা স্কুলে দ্রুত ছুটি ঘোষণা করা হয়, সামরিক পুলিশ ঘিরে ফেলে এলাকা। ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউট ও রাজ্য শিক্ষা দপ্তরের সহায়ক দল। রিভার আতলেতিকো ক্লাবে দে পিয়াউই এক শোকবার্তায় জানিয়েছে, ‘মারিয়ানো ছিল স্বপ্নবাজ, প্রাণবন্ত এবং নিবেদিতপ্রাণ এক তরুণ। ফুটবলের মাঠে তার প্রতিটি পদক্ষেপে ছিল সম্ভাবনার ঝিলিক। এই অকাল মৃত্যু আমাদের হৃদয়ে স্থায়ী ক্ষত রেখে গেল।’
তবে এই হৃদয়বিদারক ঘটনার পেছনে রয়েছে আরও জটিলতা। ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘গ্লোবো’-র অনুসন্ধানে উঠে এসেছে আরও এক চমকপ্রদ তথ্য। দেশটির সিভিল পুলিশের উপ-কমিশনার ফ্রান্সিসকো কস্তা জানিয়েছেন, আলেক্স মারিয়ানো সম্ভবত অপরাধ জগতের সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলেন। তদন্তে বেরিয়ে এসেছে, তিনি সামাজিক মাধ্যমে অস্ত্র হাতে ছবি দিয়েছেন এবং স্কুল প্রাঙ্গণের ‘ব্লাইন্ড স্পট’-এ মাদক গ্রহণ করছিলেন।
কস্তা বলেন, ‘সেদিনও সে স্কুলে গিয়েছিল মাদক সেবনের জন্য। আর এ সুযোগেই হামলাকারীরা পরিকল্পিতভাবে আক্রমণ চালায়। হত্যার সঙ্গে জড়িতদের প্রায় নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে, এবং তদন্তকারী দল ইতিমধ্যে অভিযুক্তদের জবানবন্দিও সংগ্রহ করেছে।’ এদিকে মারিয়ানোর পরিবার দাবি করেছে, তিনি ছিলেন নিরীহ ও নিষ্পাপ, শুধুমাত্র ফুটবলেই মনোযোগী। তার এক চাচা জানান, ‘সে পড়াশোনায় গড়পড়তা হলেও খারাপ কিছুতে জড়িত ছিল না। ফুটবল ক্লাব থেকেও সে প্রস্তাব পেয়েছিল। এমন একটা ছেলেকে এভাবে হারানো আমাদের পাগল করে দিচ্ছে।’
সম্পর্কিত সংবাদ
কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমে ৩৮ বলে ঝড়ো ৭৮ রানের ইনিংসবিস্তারিত…
আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বাতিল হয়ে গেছে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ। ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেনবিস্তারিত…
