একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে সর্বশেষ তৃতীয় ধাপের আবেদনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর থেকে এই ধাপের আবেদন শুরু হবে। চলবে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। এর আগে, আবেদন করেও কলেজে ভর্তির জন্য নির্বাচিত হননি কিংবা নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি, এমন শিক্ষার্থীরাও এ ধাপে আবেদন করতে পারবেন।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়েছে।
কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ জাফর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
এতে বলা হয়, তৃতীয় ধাপে আবেদন গ্রহণ শুরু হবে ২৬ অক্টোবর সোমবার। আবেদন করা যাবে পরদিন ২৭ অক্টোবর মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৩০ অক্টোবর শুক্রবার রাত ৮টায়।
ফল প্রকাশের পর থেকে ৩১ অক্টোবর শনিবার রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
এ ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রোববার রাত ৮টায়। এরপর ২ নভেম্বর সোমবার থেকে ৩ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত কলেজে ভর্তি কার্যক্রম চলবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃতীয় ধাপে তিন ধরনের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। প্রথমত, যাঁরা আগে আবেদন করেননি অথবা আবেদন করেও কলেজ নির্বাচনের সুযোগ পাননি। দ্বিতীয়ত, যাঁরা নির্বাচিত হয়েছিলেন, কিন্তু কোনো কারণে নিশ্চায়ন করতে পারেননি কিংবা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেননি। তৃতীয়ত, যাঁরা আগে নিশ্চায়ন করেছিলেন, কিন্তু ভুল কোটা নির্ধারণের কারণে কলেজে ভর্তি হতে পারেননি।
আবেদন করতে হবে শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইটের (ক্লিক করুন) মাধ্যমে। শিক্ষার্থীদের পূর্বের আবেদন ও নির্বাচনসংক্রান্ত তথ্য বিবেচনায় নিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তৃতীয় ধাপের আবেদনেও শিক্ষার্থীরা কলেজ পছন্দক্রম দিতে পারবেন। এ ক্ষেত্রে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে হবে। যারা আগে কলেজ নির্বাচনের সুযোগ পাননি, তাদের আবেদন ফি দিতে হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তবে তৃতীয় ধাপে নতুন করে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত আবেদন ফি প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন ফি ২২০ টাকা।
এ ছাড়া যেসব শিক্ষার্থী তৃতীয় ধাপে আবেদন করবেন, তাঁদের মধ্যে যারা আগে কলেজ নির্বাচন পেয়েছিলেন কিন্তু নিশ্চায়ন করেননি, তাদের নতুন করে আবেদন করতে হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, তৃতীয় ধাপের আবেদনই চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সর্বশেষ সুযোগ। তাই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন, নিশ্চায়ন ও ভর্তি কার্যক্রম শেষ করতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ
৫ বর্ষের অকৃতকার্যদের পরীক্ষার সুযোগ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
অধিভুক্ত কলেজের স্নাতক (সম্মান) কোর্সে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়া ৫টি বর্ষের শিক্ষার্থীদের জন্যবিস্তারিত…
