১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা
দীর্ঘ ১৯ বছর পর পশ্চিমবঙ্গের কলকাতায় ফিরছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট (শনিবার) তিনি রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। একাধিক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজকদের দাবি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্যোক্তারা দাবি করেছেন যে, এই আয়োজনে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকার ব্যাপারে সম্মত হয়েছেন।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোহিত রায় বলেন, ‘তসলিমার এই রাজ্যে আসার ক্ষেত্রে তো কোনও আইনি বাধা নেই। আদতে বিগত দুই সরকার মৌলবাদের কাছে নতজানু হয়েছিল। এখন নতুন একটি সরকার এসেছে। নতুন আবহে আমরা যারা দীর্ঘ দিন তসলিমার সঙ্গে যোগাযোগ রাখি, তারা ঠিক করলাম তসলিমাকে কলকাতায় আনব।’
তিনি আরও বলেন, ‘এই অনুষ্ঠানের নেপথ্যে কোনও রাজনীতি নেই। তসলিমার বিভিন্ন কবিতা ও গান নিয়ে অনুষ্ঠান হবে। তবে তসলিমার নিরাপত্তা একটা বড় বিষয়। সরকারের তরফে তসলিমার নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে।’
অনুষ্ঠানের আর এক আয়োজক সংগঠন হল ‘সেক্যুলার মিশন’। ওই সংগঠনের তরফে কলকাতা হাই কোর্টের আইনজীবী ওসমান মল্লিক সমাজমাধ্যমে একটি পোস্ট করে লিখেছেন, ‘দীর্ঘ প্রতীক্ষার অবসান…। সকল প্রতিক্রিয়াশীল শক্তিকে পরাস্ত করে তিনি আসছেন। আমরা তার সংগ্রামের সঙ্গে ছিলাম, আছি, থাকব।’ অনুষ্ঠানের উদ্যোক্তাদের পোস্টে তসলিমাকে ‘মৌলবাদ বিরোধী প্রতিবাদের অগ্নিসম প্রতীক’ বলে উল্লেখ করা হয়েছে।
২০০৭ সালে তসলিমার ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল কলকাতার একটি অংশ। সংখ্যালঘু এলাকাগুলিতে ছড়িয়ে পড়েছিল ব্যাপক উত্তেজনা। একপর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সেনা মোতায়েন করতে হয়েছিল প্রশাসনকে। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তৎকালীন বাম সরকার তসলিমার বিতর্কিত ওই বইটির ওপর নিষেধাজ্ঞা জারি করে। কলকাতা ছাড়তে বলা হয় লেখিকাকে। পরে তৃণমূল সরকারের আমলেও তসলিমার ওপরে এই অলিখিত ‘নিষেধাজ্ঞা’ বহাল ছিল। শাসনক্ষমতায় পালাবদলের পর ফের রাজ্যে ফিরছেন তসলিমা।
সম্পর্কিত সংবাদ
হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ট্রাম্পের
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ মার্কিন বাহিনী নিজের হাতে তুলে নেবেবিস্তারিত…
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কোটি কোটিবিস্তারিত…
