নতুন কোচ পেল ইতালি

ইতালির বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার জেনারো গাত্তুসোকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। সদ্য বরখাস্ত হওয়া লুসিয়ানো স্পালেত্তির স্থলাভিষিক্ত হচ্ছেন গাত্তুসো। শনিবার এমনটাই নিশ্চিত করেছেন ইতালিয়ান ফেডারেশনের ডেলিগেশন প্রধান জিয়ানলুইজি বুফন।

ইতালির অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ চলাকালে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে বুফন বলেন, “আমরা কাজ শেষ করে ফেলেছি, এখন শুধু চূড়ান্ত কিছু বিষয়ের অপেক্ষা। প্রেসিডেন্ট এবং পুরো ফেডারেশন ব্যস্ত কিছু দিন পার করেছে। তবে আমি মনে করি, আমরা সেরা সিদ্ধান্তটাই নিয়েছি।” মাত্র দুই বছরেরও কম সময় দায়িত্বে ছিলেন স্পালেত্তি। নরওয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ৩-০ গোলে হারার পরদিনই নিজেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এরপর মলদোভার বিপক্ষে ২-০ গোলের জয়ে শেষ ম্যাচটি পরিচালনা করেন।

২০০৬ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য গাত্তুসো ইতালির জার্সিতে খেলেছেন ৭৩টি ম্যাচ। সম্প্রতি ক্রোয়েশিয়ার ক্লাব হাইডুক স্প্লিটের কোচের দায়িত্ব থেকে পারস্পরিক সমঝোতায় সরে দাঁড়ান তিনি। ক্লাবটি গত মৌসুমে দেশের লিগে তৃতীয় হয়েছিল। ইতালিয়ান ফুটবল ফেডারেশন গাত্তুসোর আগে ক্লদিও রানিয়েরিকে প্রথম পছন্দ হিসেবে বিবেচনায় রেখেছিল। কিন্তু ৭৩ বছর বয়সী রানিয়েরি এই দায়িত্ব নিতে রাজি হননি, কারণ তিনি এখন এএস রোমার সিনিয়র অ্যাডভাইজর হিসেবে কাজ করছেন।

২০১৩ সালে সুইজারল্যান্ডের ক্লাব সিয়নে কোচ হিসেবে ম্যানেজারিয়াল ক্যারিয়ার শুরু করেন গাত্তুসো। সেখানেই তিনি নিজের খেলোয়াড়ি জীবন শেষ করেন। তবে কোচ হিসেবে মাত্র ১০ ম্যাচে দুই জয় পাওয়ায় দ্রুতই চাকরি হারান। গাত্তুসোর কোচিং ক্যারিয়ারের একমাত্র বড় সাফল্য এসেছে ২০২০ সালে নাপোলিকে কোপা ইতালিয়া জেতানোর মধ্য দিয়ে। ১২ বছরের কোচিং ক্যারিয়ারে তিনি ইতিমধ্যেই নয়টি ক্লাবে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে এসি মিলান, ভ্যালেন্সিয়া এবং মার্সেইতে।

২০২১ সালে ফিওরেন্টিনার কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি, তবে মাত্র ২২ দিন পর দুই পক্ষের মধ্যে মতবিরোধের কারণে চুক্তি বাতিল হয়ে যায়। শোনা যায়, ট্রান্সফার নীতিতে মতানৈক্যই ছিল প্রধান কারণ।

৪৭ বছর বয়সী গাত্তুসোর কাঁধেই এখন নতুন দায়িত্ব- ইতালিকে পরের বিশ্বকাপে নিয়ে যাওয়া। পরপর দুই বিশ্বকাপে অংশ না নেওয়া ইতালির জন্য এটি বড় চ্যালেঞ্জ। তবে নরওয়ের বিপক্ষে লজ্জাজনক হার দিয়ে শুরুটা সহজ হচ্ছে না গাত্তুসোর জন্য।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তানি তারকা
  • নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির
  • রেকর্ড গড়ে ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
  • আফগানিস্তানের ভারত সফরের সূচি চূড়ান্ত
  • সিংহাসন ফিরে পেলেন রাজা
  • জাতীয় দলের সঙ্গে অনুশীলনের অনুভূতি জানালেন আলপি
  • মায়ামির নতুন মৌসুম শুরু হার দিয়ে
  • বড় জয়ে বিশ্বকাপ মিশন শেষ অস্ট্রেলিয়ার
  • Copy link
    URL has been copied successfully!