কলারোয়ায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের, হাসপাতালে ভাই; গ্রেফতার ৪

কলারোয়া ব্যুরো :: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ইব্রাহিম হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই রুহুল আমিন (৩০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের বেড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরগির খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গ্রাম্যভাবে সমাধানের উদ্যোগ হিসেবে খামারের একপাশে পর্দা টানানো হয়েছিল। সোমবার সেই পর্দা সরানো নিয়ে কথা কাটাকাটি হয়।

অভিযোগ রয়েছে, কথা কাটাকাটির এক পর্যায়ে আরিফুল ইসলাম ওরফে আরিফ ধারালো অস্ত্র দিয়ে পেটে ঢুকিয়ে দিলে ইব্রাহিম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার বড় ভাই রুহুল আমিনও ছুরিকাঘাতে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকারী আরিফুল ইসলাম ওরফে আরিফসহ ৪জনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন— আরিফুল ইসলাম আরিফ (২৮), মো. কামাল উদ্দিন (৬২), মোছা. শাহানারা খাতুন (৫৫) ও সাথী আক্তার (২৫)।

নিহতের পিতা ছলেমান শেখ অভিযোগ করে বলেন, “হত্যাকারীরা ধানের শীষের পক্ষে রাজনীতি করেন, আর আমরা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করি। ভোটের দিন আমার দুই ছেলে নিজেদের ভ্যানে করে দাঁড়িপাল্লার সমর্থকদের ভোটকেন্দ্রে পৌঁছে দিয়েছিল। নির্বাচনে তারা পরাজিত হওয়ার পর থেকেই আমাদের প্রতি ক্ষোভ পোষণ করছিল। সেই রাজনৈতিক বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।”

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইস এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
  • কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
  • কালিগঞ্জের নলতা শরীফে দেশের বৃহত্তম ইফতার মাহফিলের ১ম দিন
  • হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১
  • সাতক্ষীরায় জামায়াতের ৪টি আসনেই জয়ী দাঁড়িপাল্লা
  • সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র এলাকা ধূমপানমুক্ত রাখার নির্দেশনা
  • বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত
  • Copy link
    URL has been copied successfully!