ভাঁজযোগ্য আইফোনে ফাটল, বিপাকে অ্যাপল

অ্যাপলের নতুন ভাঁজযোগ্য স্মার্টফোন আইফোন ডুওর পর্দায় ফাটল ও ত্রুটির অভিযোগ উঠেছে। ফোনটি ব্যবহারের কয়েক ঘণ্টা কিংবা কয়েক দিনের মধ্যেই পর্দায় ফাটল দেখা দেওয়ার কথা জানিয়েছেন কয়েকজন ব্যবহারকারী। একই সঙ্গে ডিসপ্লের মাঝখানে স্পষ্ট ভাঁজের দাগ এবং পর্দায় বিভিন্ন ত্রুটির অভিযোগও পাওয়া গেছে।​

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ব্লুমবার্গের এক প্রতিবেদনে আইফোন ডুওর প্রাথমিক ব্যবহারকারীদের এসব অভিযোগের কথা উঠে এসেছে। কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, ফোন ব্যবহারের সময় বিকট শব্দ হওয়ার পর পর্দায় ফাটল দেখা দেয়। আবার কেউ কেউ ডিসপ্লের বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ করেছেন।

এদিকে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ৪০৪ মিডিয়ার এক প্রতিবেদনে ফোনটির ভাঁজযোগ্য পর্দার মাঝখানে স্পষ্ট দাগ পড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রায় ২ হাজার ডলার দামের এই ফোনে এমন সমস্যা দেখা দেওয়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

অ্যাপল ব্লুমবার্গকে জানিয়েছে, আইফোন ডুওর অল্পসংখ্যক ফোনের অভ্যন্তরীণ ডিসপ্লেতে সমস্যা হওয়ার বিষয়টি তারা জানে। এ বিষয়ে বিস্তারিত জানতে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করেছে টেকক্রাঞ্চ। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছ থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভাঁজযোগ্য স্মার্টফোনের পর্দার স্থায়িত্ব নিশ্চিত করা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য দীর্ঘদিনের চ্যালেঞ্জ। এ ধরনের ফোনে ভাঁজের দাগ, ডিসপ্লের ত্রুটি ও স্থায়িত্ব নিয়ে আগেও অভিযোগ উঠেছে।

অ্যাপল তাদের নতুন ফোনের মাধ্যমে এসব সমস্যা সমাধানে সক্ষম হবে বলে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে বাজারে আসার পরপরই ব্যবহারকারীদের এমন অভিযোগ সেই প্রত্যাশার ওপর প্রশ্ন তৈরি করেছে।

আইফোন ডুওর পর্দার সমস্যা কতটা বিস্তৃত এবং এর সমাধানে অ্যাপল কী পদক্ষেপ নেবে, তা এখনো স্পষ্ট নয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখতে এখনই চালু করুন এই ৩টি সেটিংস
  • যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
  • বাজারে এসেই ক্রেতাদের নজর কেড়ছে ভিভো ভি৮০ লাইট
  • দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
  • ঈদ আনন্দ বাড়াতে ভিভো ওয়াই৩১ডি মডেলের ফোন আনল
  • ৭২০০এমএএইচ ব্যাটারি ও সনি ক্যামেরা নিয়ে এলো আইকু জেড১১এক্স
  • বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা
  • Copy link
    URL has been copied successfully!