সাতক্ষীরায় জামায়াতের ৪টি আসনেই জয়ী দাঁড়িপাল্লা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার নির্বাচনী লড়াইয়ে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী। জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীরা।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার প্রক্রিয়া চললেও স্থানীয়ভাবে প্রাপ্ত সবকটি কেন্দ্রের ফলাফলে এই চিত্র নিশ্চিত হওয়া গেছে।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া): এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন জামায়াতের অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। ১৬৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে (পোস্টাল ভোটসহ) তিনি পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৩৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯৮৫ ভোট। ইজ্জত উল্লাহ ২৯ হাজার ৩৪৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা): সাতক্ষীরা সদর ও দেবহাটা আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। ১৮০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ৬০ হাজার ৪২৩ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩৩২ ভোট। মুহাদ্দিস আব্দুল খালেক ১ লাখ ৪৬ হাজার ৯১ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ): এই আসনে ধানের শীষকে পেছনে ফেলে মূল লড়াইয়ে উঠে এসেছিলেন স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম। তবে শেষ পর্যন্ত জয় পেয়েছেন জামায়াতের মুহা. রবিউল বাসার। ১৬৫টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম (ফুটবল প্রতীক) পেয়েছেন ৯৩ হাজার ৮৩৪ ভোট। ৩৮ হাজার ৯৩৯ ভোটের ব্যবধানে রবিউল বাসার জয়ী হয়েছেন।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ): শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ নিয়ে গঠিত এই আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। ৯৬টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪ হাজার ৪২৪ ভোট। ২১ হাজার ৩৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন গাজী নজরুল ইসলাম।
বৃহস্পতিবার দিবাগত রাত পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। সাতক্ষীরা জেলার চারটি আসনেই জামায়াতের এই একক জয় বা ‘ক্লিন সুইপ’ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আক্তার আনুষ্ঠানিকভাবে এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এবিস্তারিত…
সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র এলাকা ধূমপানমুক্ত রাখার নির্দেশনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষিতে সাতক্ষীরার চারটি সংসদীয় আসন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া), সাতক্ষীরা-২বিস্তারিত…
