আপনি দেশের মালিক, চিন্তা-ভাবনা করে ভোট দিন: প্রধান উপদেষ্টা

ভোটারদের দেশের মালিক হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এজন্য চিন্তা-ভাবনা করে যোগ্য প্রার্থীদের ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এবারের জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও হবে। সেই গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’তে ভোট দিতে আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দশটি ভোটের গাড়ি— সুপার ক্যারাভান আনুষ্ঠানিকভাবে যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ ইস্যুতে গণভোটের বিষয়ে সারাদেশে প্রচারণার লক্ষ্যে যাত্রা শুরু করেছে দশটি ভোটের গাড়ি— সুপার ক্যারাভান।

অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে ফিতা কেটে ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ‍্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট।

সরকারপ্রধান বলেন, এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে ১০টি ভোটের গাড়ি—সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।

প্রধান উপদেষ্টা বলেন, ভোটাধিকার কারো দয়া নয়—এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি, আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব।

ড. ইউনূস বলেন, এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়িই নয়— এটি গণতন্ত্রের আনন্দবানী বহনকারী বহর। এটি জানিয়ে দেবে, আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ। এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে।

সরকারপ্রধান বলেন, আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি—আপনারা এগিয়ে আসুন। প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনার সিদ্ধান্তই গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ—নতুন বাংলাদেশ।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা—থাকবে কেবল জনগণের মুক্তও নির্ভীক মতপ্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিতকরতে বদ্ধপরিকর।

ভোটারদের দেশের মালিক আখ্যায়িত করে তিনি বলেন, আপনি দেশের মালিক। এদেশ আগামী পাঁচ বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করে দেবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। সৎ ও সমর্থ প্রার্থী বেছে ভোট দিন। চিন্তা ভাবনা করে ভোট দিন।

ড. ইউনূস বলেন, এবারের নির্বাচনে আপনি আরও একটি ভোট দেবেন। জুলাই সনদে ভোট দেবেন। দীর্ঘ ৯ মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠককরে এই সনদ তৈরি হয়েছে। এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ‍্যাঁ ভোট দিন।

প্রধান উপদেষ্টা বলেন, চলুন, আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। চলুন, ভোট দিই—নিজের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নতুন পৃথিবীর জন্য।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আমরা জনগণের শক্তি দিয়ে দেশ পুনর্গঠন করতে চাই: তারেক রহমান
  • আর কাউকে লুটপাট করতে দেবো না : শফিকুর রহমান
  • রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ হচ্ছে : আসিফ মাহমুদ
  • মোস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়া ‘চরম অপমানজনক’ : জামায়াত আমির
  • চাঁদাবাজি বাদ না দিলে কমপ্লিট লালকার্ড : জামায়াত আমির
  • ‘আমরা দেশকে ইরান, পাকিস্তান ও আফগানিস্তান বানাতে চাই না’
  • রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির
  • ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল
  • Copy link
    URL has been copied successfully!