আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে যাত্রা করবে ম্যারাডোনা স্টেডিয়াম

তিন বছর ধরে নীরব থাকা লা প্লাতার এস্তাদিও উনিকো দিয়াগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে আবার ফুটবলের গর্জন শোনা যাবে। আগামী ২৯ নভেম্বর আর্জেন্টিনা ও জার্মানির নারী দলের প্রীতি ম্যাচ দিয়ে স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে পুনরায় খুলে দেওয়া হচ্ছে। বুয়েনস আইরেস প্রদেশের রাজধানী লা প্লাতায় অবস্থিত এই মাঠ ২০২৩ সালে সংস্কারের জন্য বন্ধ হয়ে যায়। তারপর থেকে সেখানে কোনো খেলা হয়নি। সংস্কারকাজ এখনো চলমান হলেও নভেম্বরের এই ম্যাচ দিয়ে ফুটবল আবার ফিরছে।

২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দুই দল এই ম্যাচ খেলবে। স্টেডিয়ামের পরিচালক এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুষ্ঠান ও প্রটোকল কমিটির সভাপতি ফার্নান্দো ইসলাস কাসারেস জানিয়েছেন, সংস্কারের প্রায় ২৫ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। তিনি আশাবাদী, ২০৩০ বিশ্বকাপের অন্যতম ভেন্যু হিসেবে এই স্টেডিয়াম নির্বাচিত হবে। কাসারেস বলেন, ‘আমরা সংস্কারকাজের ২৫ শতাংশ সম্পন্ন করেছি। আমাদের বিশ্বাস, এটি ২০৩০ বিশ্বকাপের অন্যতম ভেন্যু হবে।’

ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা ও জার্মানির নারী দল এর আগে দুবার মুখোমুখি হয়েছে; প্রথমবার ২০০৩ সালে এবং দ্বিতীয়বার ২০০৭ সালের ফিফা নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। ২৯ নভেম্বরের লড়াই হবে তাদের তৃতীয় সাক্ষাৎ। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে জার্মানি এখন তৃতীয় স্থানে থাকায় আর্জেন্টিনার জন্য এটি বড় পরীক্ষা।

আর্জেন্টিনার কোচ হেরমান পোর্তানোভা ম্যাচটিকে দারুণ সুযোগ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘এই মানের দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাই করা আমাদের প্রতিযোগিতামূলক রাখবে। আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতিতে যে উন্নতি করছি, তা অব্যাহত রাখতেও এমন ম্যাচ গুরুত্বপূর্ণ। এছাড়া এই সুন্দর স্টেডিয়াম পুনরায় চালুর দিনে উপস্থিত থাকা বিশেষ অভিজ্ঞতা হবে।’

জার্মানির কোচ ক্রিশ্চিয়ান ভুকও ম্যাচের গুরুত্ব তুলে ধরেছেন। তাঁর মতে, এ ধরনের খেলা দলকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করায় এবং আন্তর্জাতিক পর্যায়ে মূল্যবান অভিজ্ঞতা দেয়। ভুক বলেন, ‘ধারাবাহিক উন্নতির জন্য এসব ম্যাচ অত্যন্ত মূল্যবান। এগুলো নতুন চ্যালেঞ্জ আনে এবং সর্বোচ্চ পর্যায়ের অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে। এই অভিজ্ঞতা আমাদের অনেক কাজে আসবে।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সাফের প্রথম ম্যাচে খেলবেন না হামজা-ফারহান
  • ক্রিকেটের নতুন প্রযুক্তি ‘সনিক’-এর কাজ কী
  • ক্রিকেটের নতুন প্রযুক্তি ‘সনিক’-এর কাজ কী
  • হালান্ডের জোড়া গোলে ম্যানসিটির ইতিহাস গড়া জয়
  • ফ্রান্সে ফুলব্যাক সংকট, সমাধান চান জিদান
  • ৯ গোলের লজ্জায় বিব্রত, লজ্জিত ফুটবলাঙ্গন
  • হিটের পর ‘লাপাত্তা’ ইমরান ও কোচরা
  • Copy link
    URL has been copied successfully!