খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির সূচনা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনের মাধ্যমে দেশজুড়ে জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পদক্ষেপের কথা তুলে ধরা হয়।
এর আগে সকাল ১০টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দরে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি সৈয়দপুর শহর অতিক্রম করে দিনাজপুরের উদ্দেশে রওনা হন।
দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় চলমান খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।
কর্মসূচি শেষে দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে গিয়ে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দিনাজপুর ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
সম্পর্কিত সংবাদ
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে আপনারা এমন কিছু মানুষ একত্রিত হয়েছেন, কোনোবিস্তারিত…
দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থেবিস্তারিত…
