ইসরাইলি হামলায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে ইসরাইলি হামলায় অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩৯ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৬০ হাজার ৯৩৩ জনে দাঁড়িয়েছে।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা আনাদোলু’র।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় প্রায় দু বছর ধরে চলা ইসরাইলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ৬০ হাজার ৯৩৩ জনে পৌঁছেছে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৫০ হাজার ২৭ জন ফিলিস্তিনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদার বাহিনীর বোমার শিকারদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

এতে বলা হয়েছে, ত্রাণের খাবার নিতে আসা ফিলিস্তিনিদের ওপরও হামলা চালিয়েছে দখলদার সেনারা। সোমবার গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ নিতে এসে নিহত হয়েছেন ২৯ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ৩০০ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এদিন ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। পুনরায় শুরু করা এ অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৯ হাজার ৪৪০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় ৩৭ হাজার ৯৮৬ জন।

এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও রয়েছে ইসরাইল।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • করাচির শপিংমলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২৭, এখনো নিখোঁজ ৮১
  • পশ্চিমা প্রভাব কমাতে নিজস্ব ইন্টারনেট আনছে ইরান
  • ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে বিমান নিখোঁজ
  • বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র
  • পুতিনের বাসভবন লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা
  • তাইওয়ানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প
  • রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার নিচ্ছেন ট্রাম্প
  • ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ
  • Copy link
    URL has been copied successfully!